প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
ইরান-ইসরায়েল যুদ্ধ: কাতারে প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধপরিস্থিতিতে কাতারে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে দোহাস্থ বাংলাদেশ দূতাবাস।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সামরিক স্থাপনা থেকে দূরে থাকা, নিরাপদ আশ্রয়ে অবস্থান এবং প্রয়োজনীয় সামগ্রী সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে বলা হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক সংঘাত চরম আকার ধারণ করায় কাতারে বসবাসরত হাজারো বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তায় বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। শনিবার বিকেলে প্রচারিত এই নির্দেশনায় প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক ঘাঁটির আশপাশ এড়িয়ে চলতে হবে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। জরুরি অবস্থায় চলাচলের জন্য নগদ অর্থ, কাতার আইডি (QID), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবার সবসময় সাথে রাখার পরামর্শ দিয়েছে মিশন।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, যুদ্ধ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি। তাই ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে প্রবাসীদের দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানানো হয়েছে। যেকোনো বিপদে বা জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর অথবা ইমেইলে (mission.doha@mofa.gov.bd) যোগাযোগ করতে বলা হয়েছে। কাতার ও বাহরাইনে ইরানের মিসাইল হামলার খবরের পর এই সতর্কতা প্রবাসীদের মধ্যে উৎকণ্ঠা কমিয়ে আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.