প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা: দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী
দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। সামাজিক সংগঠন ‘আঁচল ফাউন্ডেশন’-এর সর্বশেষ জরিপ অনুযায়ী, ২০২৫ সালে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের মোট ৪০৩ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। যার মধ্যে ৬৬ শতাংশেরই বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে। মূলত হতাশা, অভিমান এবং একাডেমিক চাপকে এই আত্মহননের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দেশের ১৬৫টি সংবাদপত্রের প্রতিবেদন বিশ্লেষণ করে শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের আত্মহত্যার এই ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরে আঁচল ফাউন্ডেশন। সমীক্ষায় দেখা গেছে, মৃতদের মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি—১৯০ জন (৪৭.৪০%)। এছাড়া কলেজ পর্যায়ে ৯২ জন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৭৭ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
জরিপ বলছে, আত্মহত্যাকারীদের মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা বেশি (প্রায় ৬২%)। বিশেষ করে স্কুল ও কলেজ পর্যায়ে ছাত্রীরা পারিবারিক চাপ ও আবেগীয় সংকটে বেশি ভঙ্গুর হয়ে পড়ছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চিত্রটি ভিন্ন; সেখানে ছাত্রদের আত্মহত্যার হার বেশি, যার নেপথ্যে ক্যারিয়ার ও ভবিষ্যৎ অনিশ্চয়তা কাজ করছে। সামগ্রিকভাবে ২৭.৭৯ শতাংশ ঘটনার পেছনে ছিল চরম 'হতাশা' এবং ২৩.৩২ শতাংশের কারণ ছিল প্রিয়জনদের ওপর 'অভিমান'। এছাড়া প্রেমঘটিত জটিলতা ও বিড়ম্বনা ১৩ শতাংশ এবং একাডেমিক চাপ ১৮ শতাংশ আত্মহত্যার জন্য দায়ী।
ভৌগোলিক বিশ্লেষণে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১৮ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এরপরেই রয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগ। আঁচল ফাউন্ডেশনের মতে, ১ থেকে ১২ বছর বয়সী ৪৪ জন শিশুর আত্মহনন সমাজের জন্য এক গভীর সতর্কবার্তা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সংগঠনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক মানসিক স্বাস্থ্য স্ক্রিনিং, পেশাদার কাউন্সিলর নিয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। বক্তারা বলেন, পরিবারে খোলামেলা আলোচনার অভাব ও মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক ট্যাবুই এই সংকটকে আরও জটিল করে তুলছে।
Copyright © 2026 All rights reserved.