প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ভয়াবহ সাইবার হামলা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সমান্তরালে ইরানে শুরু হয়েছে ‘ব্যাপক আকারে’ সাইবার যুদ্ধ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির প্রধান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (IRNA) এবং আধা-সরকারি বার্তা সংস্থা ইসনাসহ (ISNA) একাধিক অনলাইন প্ল্যাটফর্ম সাইবার আক্রমণের শিকার হয়েছে। এর ফলে ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংবাদ প্রচারের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
ইরানের ওপর সামরিক হামলার পাশাপাশি এবার ডিজিটাল ফ্রন্টেও বড় ধরনের আঘাত হেনেছে প্রতিপক্ষ। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সামরিক উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর ওপর সমন্বিত সাইবার হামলা শুরু হয়েছে। এর ফলে দেশটির শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলোর ওয়েবসাইট অচল হয়ে পড়েছে।
বিবিসি মনিটরিং এবং অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো নিশ্চিত করেছে যে, বর্তমানে ইরানের বাইরে থেকে তাসনিম নিউজ এজেন্সি, পার্স নিউজ এজেন্সি এবং মেহের নিউজের মতো গুরুত্বপূর্ণ পোর্টালে প্রবেশ করা যাচ্ছে না। কেবল সংবাদমাধ্যমই নয়, ইরানে বহুল ব্যবহৃত বেশ কিছু অনলাইন অ্যাপ্লিকেশন ও সরকারি সেবাও এই হামলার ফলে মুখ থুবড়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধকালীন তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে এই কৌশলগত সাইবার অপারেশন চালানো হচ্ছে। তবে এই হামলার প্রকৃতি বা এর পেছনে সুনির্দিষ্ট কোনো হ্যাকার গোষ্ঠীর হাত রয়েছে কি না, সে বিষয়ে তেহরান এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরানের সাইবার নিরাপত্তা বিভাগ কাজ করে যাচ্ছে।
Copyright © 2026 All rights reserved.