প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের পথে ইরান
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের পর ইরানে ইন্টারনেট সেবা প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ‘নেটব্লকস’ নিশ্চিত করেছে যে, দেশটিতে বর্তমানে কঠোর বিধিনিষেধের কারণে সম্পূর্ণ ‘শাটডাউন’ পরিস্থিতি বিরাজ করছে। মূলত তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে সামরিক সংঘাতের পাশাপাশি এবার ডিজিটাল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রতিবেদনে নেটব্লকস জানিয়েছে, ইসরায়েল ও আমেরিকার হামলার পরপরই ইরানে ইন্টারনেটের ওপর নজিরবিহীন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দেশটির বিশাল একটি অংশ এখন অফলাইনে রয়েছে।
নেটব্লকস আরও উল্লেখ করেছে যে, গত বছর ইসরায়েলি হামলার সময় যেভাবে পরিকল্পিতভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, বর্তমান পরিস্থিতি ঠিক সেই পর্যায়ের। এই ব্ল্যাকআউটের ফলে ইরানের সাধারণ নাগরিকরা বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং কোনো ধরনের জরুরি তথ্য আদান-প্রদান করতে পারছেন না।
বিশ্লেষকদের মতে, সামরিক অভিযানের ভিডিও বা তথ্য যাতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতেই তেহরান এই কঠোর পদক্ষেপ নিয়েছে। তবে কতক্ষণ এই শাটডাউন বজায় থাকবে, সে বিষয়ে সরকারি কোনো ঘোষণা পাওয়া যায়নি।
Copyright © 2026 All rights reserved.