প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
প্রতিবেশী দেশগুলোতে হামলার তীব্র নিন্দা জানালো সৌদি আরব
বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিশেষ বিবৃতিতে রিয়াদ এই আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে এই ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব শান্তির জন্য বড় ধরনের হুমকি বলে সতর্ক করেছে দেশটি।
মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক সংঘাত এক ভয়াবহ মোড় নিয়েছে। ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিবেশী বাহরাইন, কাতার, কুয়েত ও জর্ডানে আঘাত হানার পর এর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। রিয়াদের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, তারা এই বর্বরোচিত হামলার ঘটনায় সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে।
সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে, কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর এ ধরনের আক্রমণ কেবল আঞ্চলিক অস্থিরতাই বাড়াবে না, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকেও চরম ঝুঁকির মুখে ঠেলে দেবে।
মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের জবাবে ইরান পাল্টা হামলা শুরু করলে পুরো উপদ্বীপ জুড়ে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল বাহরাইন ও আরব আমিরাতের মতো দেশগুলো, যেখানে পশ্চিমা সামরিক স্বার্থ জড়িত রয়েছে। সৌদি আরবের এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, এই যুদ্ধ কেবল দুই পক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা এখন পুরো আরব বিশ্বের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
Copyright © 2026 All rights reserved.