প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ঘোষণা: শুরু অপারেশন এপিক ফিউরি
ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে দেশটিতে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অপারেশন এপিক ফিউরি’র নিশ্চিতকরণ করেন। অভিযানের লক্ষ্য হিসেবে ইরানের পারমাণবিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার কথা জানিয়েছেন তিনি। ইতিমধ্যে তেহরানে খামেনেইর বাসভবন ও গোয়েন্দা দপ্তরে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক প্রলয়ঙ্কারী অধ্যায়ের সূচনা করে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিকেলে এক বিশেষ ভিডিও বার্তায় তিনি জানান, আমেরিকান জনগণকে রক্ষা এবং ইরানের পারমাণবিক হুমকি চিরতরে নির্মূল করতে এই ‘বড় সামরিক অভিযান’ শুরু করা হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এবং তাদের নৌবাহিনীকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হবে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। আকাশ ও সমুদ্রপথ ব্যবহার করে ইরানের কৌশলগত স্থাপনাগুলোতে মুহুর্মুহু হামলা চালানো হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর বাসভবন ও আইআরজিসি-র গোয়েন্দা সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে খামেনেইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ইরান তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে।
ভিডিও বার্তায় ট্রাম্প সরাসরি ইরানি জনগণের উদ্দেশে বলেন, "আমরা অভিযান শেষ করলে আপনারা আপনাদের শাসনব্যবস্থা নিজেদের হাতে তুলে নিন।" একই সঙ্গে তিনি ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) সদস্যদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় তাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। মার্কিন কর্মকর্তাদের মতে, এই ভয়াবহ সামরিক অভিযান দিনভর অব্যাহত থাকতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.