প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
খামেনির মৃত্যুতে ৪১ দিনের শোক: মধ্যপ্রাচ্যে ইরানের বিধ্বংসী হামলা
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এই ঘটনায় ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে 'ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী' অভিযানের ঘোষণা দিয়েছে আইআরজিসি।
রবিবার (১ মার্চ) দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের আগুনে প্রজ্জ্বলিত। ইরানের ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে, রোববার ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেছেন। তাঁর এই প্রয়াণের পরপরই আইআরজিসি এক শোকবার্তায় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কয়েক মুহূর্তের মধ্যেই ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলোতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণ শুরু করা হবে।
রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল থেকেই মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। হামলার কবলে পড়েছে দুবাই ও কুয়েতও। দুবাইয়ে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার ফলে সেখানে চরম আতঙ্ক বিরাজ করছে। কুয়েতে হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করে সাইরেন বাজানো হচ্ছে। এর আগে শনিবার কুয়েত বিমানবন্দরে ইরানি হামলায় তিন বাংলাদেশি প্রবাসী আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আইআরজিসি দাবি করেছে, তাদের ছোড়া মিসাইল ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি এবং তেল আবিবে অবস্থিত সামরিক কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া কমপ্লেক্স’-এ সরাসরি আঘাত হেনেছে। এছাড়া একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প স্থাপনাকেও ধ্বংস করার দাবি করেছে তারা। ইরানের এই নজিরবিহীন সামরিক তৎপরতায় পুরো অঞ্চল এখন এক অনিশ্চিত সংঘাতের দ্বারপ্রান্তে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল, তবে যুদ্ধের তীব্রতা বেড়েই চলেছে।
Copyright © 2026 All rights reserved.