প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি সামাল দিতে ঢাকা মহানগরীতে এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১ মার্চ) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। একই সঙ্গে রাজধানীতে পর্যাপ্ত খোলা জায়গা চিহ্নিত করা এবং আধুনিক উদ্ধার সরঞ্জাম কেনার ওপরও জোর দিয়েছেন সরকার প্রধান।
রাজধানী ঢাকার ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় নিয়ে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের সঙ্গে এক বিশেষ বৈঠকে তিনি এই কর্মপরিকল্পনা নির্ধারণ করে দেন। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন দুর্যোগ পরবর্তী উদ্ধারকাজের জন্য দ্রুততম সময়ে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি রাখা হয়। এছাড়া ঢাকা শহরের খেলার মাঠ ও অন্যান্য খোলা জায়গাগুলোকে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্যও সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আসাদুল হাবিব দুলু আরও জানান, ভূমিকম্পের ঝুঁকি কমাতে কঠোরভাবে 'বিল্ডিং কোড' বাস্তবায়ন করা হবে। এই লক্ষ্যে খুব শীঘ্রই দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের একটি জরুরি সভা ডাকা হচ্ছে। নগরায়নে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য।
Copyright © 2026 All rights reserved.