প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
খামেনির পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানও নিহত
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি শীর্ষ সামরিক নেতৃত্বের পতন ঘটেছে।
রবিবার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ নিশ্চিত করেছে যে, হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান আবদুল রহিম মুসাভি প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা চরম সংকটের মুখে পড়েছে।
মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নজিরবিহীন সামরিক বিপর্যয়ের মুখে পড়েছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) পরিচালিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপারেশন এপিক ফিউরি’র আঘাতে ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। আল-জাজিরা ও আইআরএনএ-র তথ্যমতে, এই হামলায় প্রাণ হারিয়েছেন বর্তমান সরকারের প্রভাবশালী প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি।
নিহতদের তালিকায় আরও রয়েছেন খামেনির অত্যন্ত বিশ্বস্ত নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর। তেহরান জানিয়েছে, হামলায় আরও বেশ কয়েকজন উর্ধ্বতন সামরিক কমান্ডার নিহত হয়েছেন, যাদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
একযোগে এতজন শীর্ষ কর্মকর্তার মৃত্যুতে ইরানের শাসন কাঠামো ও সামরিক চেইনে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে আইআরজিসি ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা শুরু করেছে, যা পুরো অঞ্চলকে এক প্রলয়ঙ্কারী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
Copyright © 2026 All rights reserved.