প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহ আমানতে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ সামরিক সংঘাতের জেরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
রবিবার (১ মার্চ) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ১০টি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রা স্থগিতের ঘোষণা দেয়। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকা ও চট্টগ্রামের হাজার হাজার যাত্রী এখন চরম অনিশ্চয়তায় পড়েছেন।
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যুদ্ধ ছড়িয়ে পড়ায় প্রভাব পড়েছে বাংলাদেশের এভিয়েশন খাতে। শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দিনের বিভিন্ন সময়ে যাত্রী পরিবহনের কথা ছিল এমন সাতটি আগমনী (এরাইভাল) এবং তিনটি বহির্গামী (ডিপার্চার) ফ্লাইট বাতিল করা হয়েছে। মূলত ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা খাতিরে পুরো মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।
ফ্লাইট স্থগিতের ফলে চট্টগ্রামের পাশাপাশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও অসংখ্য যাত্রী আটকা পড়েছেন। প্রতিদিন ঢাকা থেকে পরিচালিত হওয়া প্রায় দেড় শতাধিক ফ্লাইটের বড় একটি অংশই মধ্যপ্রাচ্যগামী, যা এখন পুরোপুরি বন্ধ। অনেক যাত্রী বিমানবন্দরে এসেও ফিরে যাচ্ছেন, আবার অনেককে আগেভাগেই বিমানবন্দরে আসতে নিষেধ করছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এই অচলাবস্থা কতদিন চলবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, আকাশসীমা বন্ধ থাকায় কেবল যাত্রী ভোগান্তিই নয়, মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে ফেরা এবং জরুরি কার্গো পরিবহনেও বড় ধরনের সংকট তৈরি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
Copyright © 2026 All rights reserved.