প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা: নিহত বেড়ে ১৪৮
ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে।
রবিবার (১ মার্চ) ইরানের ওয়ানা নিউজ এই ভয়াবহ তথ্য নিশ্চিত করেছে। হামলায় আহত হয়েছেন আরও ৯৫ জন শিক্ষার্থী। এই নৃশংস ঘটনার প্রতিবাদে মিনাব শহরে একদিনের শোক ঘোষণা করেছেন স্থানীয় গভর্নর।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের মিনাব শহরের একটি স্কুলে এই বর্বরোচিত হামলা চালানো হয়। স্থানীয় প্রসিকিউশন দপ্তর জানায়, হামলার সময় বিদ্যালয়টিতে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ভয়াবহ এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
হামলার পর পুরো এলাকায় শোক ও তীব্র ক্ষোভ বিরাজ করছে। গভর্নর রবিবারে শোক পালনের নির্দেশ দিয়েছেন এবং স্থানীয় বাসিন্দারা এই ঘটনার বিচার দাবি করেছেন। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার মাঝে এই নারকীয় হত্যাযজ্ঞ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
Copyright © 2026 All rights reserved.