প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
কুয়েতে দফায় দফায় সাইরেন: প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কতা
আঞ্চলিক উত্তেজনার জেরে কুয়েতজুড়ে দফায় দফায় সতর্কতামূলক সাইরেন বাজছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকাশসীমায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংসের খবরের পর রোববারও (১ মার্চ) সাইরেনের শব্দ শোনা গেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির পাশাপাশি একজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতির প্রেক্ষিতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সব ধরনের ফ্লাইট স্থগিত রয়েছে। কুয়েত কর্তৃপক্ষ জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আশ্বস্ত করেছে যে, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।
বাংলাদেশ দূতাবাস এক নির্দেশনায় প্রবাসীদের সামরিক স্থাপনা থেকে দূরে থাকা এবং অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো ছবি বা ভিডিও আপলোড না করতে অনুরোধ জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে প্রবাসীদের জন্য দূতাবাস তিনটি হটলাইন নম্বর (+৯৬৫৬৯৯২০০১৩, +৯৬৫৬৬৫১৬৪০৪, +৯৬৫৫০৮৯৫১৬১) চালু করেছে। কুয়েত সরকার গুজব ছড়ানো থেকে বিরত থাকতে এবং কেবল নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করতে সকলকে অনুরোধ জানিয়েছে।
Copyright © 2026 All rights reserved.