প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
দুবাই বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা: রণক্ষেত্র আরব আমিরাত
মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে এ পর্যন্ত মোট ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করা হয়েছে। অধিকাংশ হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দেওয়া সম্ভব হলেও কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে একজন নিহত এবং সাতজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ।
আল জাজিরার তথ্যমতে, বিশ্বের অন্যতম ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও ইরানি ড্রোন আঘাত হেনেছে। আমিরাতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আমিরাতের ওপর এই নজিরবিহীন হামলা মধ্যপ্রাচ্যের
পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিমান চলাচলেও বিঘ্ন ঘটছে। এই হামলার প্রতিক্রিয়ায় আমিরাত বা তাদের মিত্ররা কী পদক্ষেপ নেয়, তা নিয়ে এখন বিশ্বজুড়ে উদ্বেগ বিরাজ করছে।
Copyright © 2026 All rights reserved.