প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
যুদ্ধাতঙ্কেই চট্টগ্রাম থেকে জেদ্দায় উড়বে বিমানের ফ্লাইট
মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা ও আকাশসীমা বন্ধের পরিস্থিতির মধ্যেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে বিশেষ ফ্লাইট ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে।
রবিবার (১ মার্চ) বিকেলে বাংলাদেশ বিমানের 'বিজি-১৩৫' ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে জেদ্দার পথে রওনা হবে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে গত দুদিনে এই বিমানবন্দর থেকে মোট ১৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, বিকেল ৪টা ১০ মিনিটে জেদ্দাগামী ফ্লাইটটি ছেড়ে যাওয়ার শিডিউল নির্ধারিত রয়েছে। অন্যান্য এয়ারলাইন্সগুলোর ফ্লাইট নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলার জেরে শনিবার থেকে রোববার পর্যন্ত ১৬টি ইনকামিং ও আউটগোয়িং ফ্লাইট বাতিল হওয়ায় শত শত যাত্রী বিপাকে পড়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থির থাকায় অনেক দেশের আকাশসীমা অনিয়মিতভাবে বন্ধ রাখা হচ্ছে। যাত্রীদের বিভ্রান্তি এড়াতে এয়ারলাইন্সগুলোকে নিয়মিত আপডেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তী শিডিউল নিশ্চিত না হওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে না এসে নিজ নিজ বাড়িতে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে এয়ারলাইন্সগুলোর কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.