প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
ইরানের আকাশে মার্কিন অত্যাধুনিক ড্রোন গুঁড়িয়ে দিল আইআরজিসি
দক্ষিণ ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন 'এমকিউ-৯ রিপার' ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রবিবার (১ মার্চ) এক বিবৃতিতে বাহিনীটি জানায়, তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে চালকহীন এই ড্রোনটিকে ধ্বংস করা হয়েছে। এই ঘটনার পর আইআরজিসি সতর্ক করে দিয়েছে যে, ইরানের আকাশসীমা এখন শত্রুপক্ষের জন্য সম্পূর্ণ অনিরাপদ।
তেহরানভিত্তিক বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ইউনিটগুলো দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যবহার করে এই অভিযান পরিচালনা করে। ধ্বংস হওয়া ড্রোনটি যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক ও উন্নত প্রযুক্তির ইউএভি (UAV) হিসেবে পরিচিত। ইরানের দক্ষিণাঞ্চলে এটি ভূপাতিত করার মাধ্যমে নিজেদের আকাশসীমার সুরক্ষায় কড়া বার্তা দিল তেহরান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও মার্কিন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর প্রতিশোধ হিসেবে ইরান ইতোমধ্যেই ইসরায়েল ও ওই অঞ্চলে থাকা ২৭টি মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। খামেনি ও শীর্ষ সামরিক কমান্ডারদের মৃত্যুর পর ইরানের সশস্ত্র বাহিনী এখন সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.