প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
বন্ধ হরমুজ প্রণালী: বিশ্বজুড়ে তেল-গ্যাস সরবরাহ বন্ধের মহাবিপদ
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিবাদে রণকৌশল হিসেবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট 'হরমুজ প্রণালী' বন্ধ করে দিয়েছে ইরান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত থেকে এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে তাসনিম নিউজ এজেন্সি। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেল, জ্বালানি ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সম্পূর্ণ স্থগিত হয়ে পড়েছে।
ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ভিএইচএফ ট্রান্সমিশনের মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছে যে, কোনো বাণিজ্যিক জাহাজকে এই প্রণালী পার হতে দেওয়া হবে না। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং কাতারের সিংহভাগ এলএনজি এই রুট দিয়েই সরবরাহ করা হয়। বর্তমানে সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের শত শত তেলের ট্যাঙ্কার মাঝপথে আটকা পড়েছে।
ট্যাঙ্কার ট্র্যাকার থেকে প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, জাহাজগুলো ওমান উপসাগরে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়েছে। গ্রিস ও জার্মানির বড় বড় শিপিং গ্রুপগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুট এড়িয়ে চলার ঘোষণা দিয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ ধস এবং তেলের দামে নজিরবিহীন রেকর্ড সৃষ্টি হতে পারে।
Copyright © 2026 All rights reserved.