প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
রেকর্ড দামে ঝিনাইদহের শজনে: প্রতি কেজি ৭৫০ টাকা
ঝিনাইদহের বাজারে উঠতে শুরু করেছে ওষুধি গুণসম্পন্ন দেশি শজনে ডাটা। তবে এর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি শজনে বিক্রি হচ্ছে রেকর্ড ৭৫০ টাকায়। মৌসুমের শুরুতে সরবরাহ কম এবং পবিত্র রমজান মাসের চাহিদার কারণে দামের এই অস্বাভাবিক উল্লম্ফন ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে জেলায় বাণিজ্যিকভাবে শজনে চাষ হচ্ছে। সচেতনতা বাড়ায় এর চাহিদাও আগের চেয়ে অনেক বেশি। কৃষকরা পাইকারি পর্যায়ে প্রতি কেজি ৬০০ থেকে ৭০০ টাকা দর পেলেও ভোক্তা পর্যায়ে তা ৭৫০ টাকায় ঠেকছে। উচ্চবিত্তরা শখ করে কিনলেও দামের কারণে সাধারণ ও নিম্নআয়ের মানুষ এই সবজি কেনা থেকে বিরত থাকছেন।
ব্যবসায়ীদের মতে, আগাম সবজি হিসেবে বাজারে আসায় এবং ডাটাগুলো এখনও পুরোপুরি পরিপুষ্ট না হওয়ায় দাম চড়া। তবে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সরবরাহ বাড়লে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। কৃষিবিদ কামরুজ্জামান জানান, শজনের বহুবিধ পুষ্টিগুণের কারণেই বাজারে এর বিশেষ কদর তৈরি হয়েছে, যা কৃষকদের ভালো মুনাফার সুযোগ করে দিচ্ছে।
Copyright © 2026 All rights reserved.