প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
স্ত্রীর আত্মহত্যা: অভিনেতা জাহের আলভীর নামে মামলা
ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পল্লবী থানায় দায়ের করা এই মামলায় আলভীকে প্রধান আসামি করা হয়েছে, যেখানে তাঁর মাকেও আসামি হিসেবে রাখা হয়েছে।
রবিবার (১ মার্চ) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ইকরার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও নির্যাতনের অভিযোগ ঘিরেই এই আত্মহননের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলাটি করেছেন। ২০১০ সালে গোপনে প্রেম করে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। তাঁদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার কিছু চ্যাট ফাঁস হওয়ার পর থেকেই আলভীর পরকীয়া ও মানসিক নির্যাতনের বিষয়টি সামনে আসে।
মর্গের বাইরে ইকরার স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় বিনোদন অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আলভীর প্রতি তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। পুলিশ জানিয়েছে, মামলার পর অভিযুক্তদের আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।
Copyright © 2026 All rights reserved.