প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের এক প্রবাসী নিহত
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় মো. তারেক (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি শিপইয়ার্ডে ডিউটি চলাকালে তিনি হামলার শিকার হন। নিহতের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর এলাকায়। দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত তারেক ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
নিহত মো. তারেক সন্দ্বীপের আজিমপুর পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা। সোমবার ভোরে বাহরাইনের একটি শিপইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মামাতো ভাই এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডিএমডি মোশারফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তারেক প্রায় তিন দশক ধরে প্রবাসে থেকে নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠিয়ে আসছিলেন। তার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে সন্দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের মাঝে এখন প্রিয়জনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অপেক্ষা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই প্রাণহানি স্থানীয় প্রবাসীদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে।
Copyright © 2026 All rights reserved.