প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, আরও চার বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
সোমবার (২ মার্চ) দুপুর গড়াতেই রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা থাকার পর এই বৃষ্টি স্বস্তি ও ভোগান্তি দুই-ই নিয়ে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা ছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় আজ ও আগামীকাল বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের পাঁচটি বিভাগে এই অকাল বৃষ্টিপাত হচ্ছে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতে সামান্য কমতে পারে। ঢাকায় বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে।
সংস্থাটি আরও জানায়, মঙ্গলবারও (৩ মার্চ) ঢাকা ও সিলেটসহ চার বিভাগে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। তবে দেশের বাকি অংশগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। হঠাৎ এই বৃষ্টির ফলে রাজধানীর নিচু এলাকার রাস্তায় হালকা পানি জমতে দেখা গেছে এবং পথচারীরা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন।
Copyright © 2026 All rights reserved.