প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত
মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনা ও ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজন সংযুক্ত আরব আমিরাতের আজমানে এবং অন্যজন বাহরাইনে কর্মরত ছিলেন। সরকার উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাতের আজমানে ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের বড়লেখার সালেহ আহমেদ নিহত হন। বাহরাইনে নিহত অপর বাংলাদেশির পরিচয় শনাক্তের পাশাপাশি সেখান থেকে আরও তিনজনের আহতের খবর পাওয়া গেছে। এছাড়া কুয়েতে ড্রোন হামলায় ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, নোয়াখালী ও কুমিল্লার চারজন প্রবাসী আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আবুধাবি ও মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হওয়া মাত্রই নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থানরত বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র সকল ক্রু নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে থাকা ৬০ লাখেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
Copyright © 2026 All rights reserved.