প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
মধ্যপ্রাচ্যে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনা ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজন সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ, যিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানে হামলায় প্রাণ হারান। অন্যজন বাহরাইনে নিহত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমিরাতের আজমানে বিমান হামলার ধ্বংসাবশেষের আঘাতে সালেহ আহমেদ নিহত হন। এছাড়া বাহরাইনে আরও একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। অন্যদিকে, কুয়েতে বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, নোয়াখালী ও কুমিল্লার চার বাংলাদেশি আহত হয়েছেন। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল এবং তারা প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র সকল নাবিক নিরাপদ রয়েছেন। মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় ৬০ লাখ বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকতে এবং স্থানীয় সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.