প্রকাশের তারিখঃ Mar 3, 2026 ইং
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭
ইরানে মার্কিন-ইসরায়েলিদের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ হামলায় ইরানে হাজার হাজার মানুষ আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে তারা এ খবর দিয়েছে।
ইরানের রাজধানী তেহরানে সোমবার (২ মার্চ) দিনগত রাত থেকে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক হামলায় অন্তত ১৫৩টি শহর আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট ৫০৪টি স্থান লক্ষ্যবস্তু হয়েছে। আর নথিভুক্ত হামলার সংখ্যা ১০৩৯-এ পৌঁছেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, গত কয়েক রাতের তুলনায় সোমবার (২ মার্চ) দিনগত রাতের এই বোমাবর্ষণ ছিল অনেক বেশি ভয়াবহ। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি কমপ্লেক্সেও হামলার খবর পাওয়া গেছে। তবে টেলিভিশনটির সম্প্রচার এখনো চালু রয়েছে।
কেবল তেহরানই নয়, কারাজ ও কোমসহ ইরানের অন্যান্য বড় শহরগুলোতেও ব্যাপক বোমাবর্ষণের খবর পাওয়া গেছে।
Copyright © 2026 All rights reserved.