প্রকাশের তারিখঃ Mar 5, 2026 ইং
ইরানি হামলায় জাহাজ ভস্মীভূত, দুই ভারতীয় নিহত
ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে পালাউয়ের পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘স্কাইলাইট’-এ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতরা হলেন বিহারের ক্যাপ্টেন আশিশ কুমার এবং রাজস্থানের ক্রু সদস্য দলিপ সিং। ওমানের মুসান্দাম উপদ্বীপের কাছে এই হামলার ঘটনা ঘটে। জাহাজটিতে থাকা বাকি ১৮ জন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, আক্রান্ত ট্যাঙ্কারটিতে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি নাগরিক ছিলেন। হামলার পর জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে গেলে ক্যাপ্টেন আশিশ ও দলিপ সিং দগ্ধ হয়ে প্রাণ হারান। আশিশ কুমারের মরদেহ তার কেবিন থেকেই উদ্ধার করা হয়।
নিহত আশিশের পরিবার সামাজিক মাধ্যমে হামলার খবর পেলেও গত রাতে শিপিং কোম্পানির পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, এই হামলার ঠিক আগেই ওমানের দুকুম বন্দরে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। এই হামলাকে কেন্দ্র করে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Copyright © 2026 All rights reserved.