প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
সংসদীয় কার্যক্রমে অতীতে তৈরি হওয়া নেতিবাচক ও খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে মুছে ফেলার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (০৭ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে তিনি এ মন্তব্য করেন। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নতুন সংসদ সদস্যদের দক্ষ করে তুলতেই এই বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে বিএনপি।
সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, এই কর্মশালায় সংবিধান, কার্যপ্রণালী বিধি এবং শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় চর্চা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের নেতিবাচক প্রভাবমুক্ত রেখে আদর্শ সংসদীয় শিষ্টাচার শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিজ্ঞ সাবেক আমলা ও বিশেষজ্ঞদের মাধ্যমে নতুন এমপি ও মন্ত্রীদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তোলার কৌশলগুলো এখানে তুলে ধরা হচ্ছে।
কর্মশালার শেষ দিনে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুরসহ সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন জনপ্রতিনিধিরা যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন, সেই লক্ষ্যেই তাদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.