প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
জ্বালানি সংকটের আতঙ্ক: পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের আশঙ্কায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের ভিড় বেড়েই চলেছে।
শনিবার (০৭ মার্চ) দুপুরেও বিজয় সরণি ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তেল বিক্রিতে রেশনিং বা পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। তবে সরকার দাবি করেছে, দেশে পর্যাপ্ত তেল মজুত আছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই।
আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা ও হরমুজ প্রণালি বন্ধ হওয়ার খবরে গত কয়েকদিন ধরে রাজধানীর পাম্পগুলোতে বিশৃঙ্খলা বিরাজ করছে। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও চালকরা চাহিদামতো তেল পাচ্ছেন না; অনেক ক্ষেত্রে দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকে মাত্র ৩০০ টাকার তেল মিলছে। শৃঙ্খলা রক্ষায় পাম্পগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিপিসির নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতিবার সিরিয়ালে দাঁড়ালে মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার এবং প্রাইভেটকারে ১০ লিটার তেল পাওয়া যাবে। বাস ও ট্রাকের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে।
জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিভিন্ন পাম্প পরিদর্শন করে জনগণকে আশ্বস্ত করেছেন। তারা জানিয়েছেন, প্রয়োজনের বেশি তেল কেনার ফলে বাজারে এই চাপ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও সরকার এখনই দেশের বাজারে দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে সমন্বয়ের প্রয়োজন হতে পারে বলে তারা ইঙ্গিত দিয়েছেন। বিপিসি দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছে, বর্তমানে তেলের কোনো ঘাটতি নেই।
Copyright © 2026 All rights reserved.