প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: জরুরি বৈঠকে বসছে আরব লীগ
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মুখে ইরানের পাল্টাপাল্টি হামলা এবং মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে বসছে আরব লীগ।
আগামীকাল রোববার (৮ মার্চ) সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হবে। মূলত সৌদি আরব ও মিশরসহ প্রভাবশালী ছয়টি দেশের প্রস্তাবে এই বৈঠক ডাকা হয়েছে। ইরানের পরমাণু ইস্যুতে ওয়াশিংটনের সাথে আলোচনা ভেস্তে যাওয়ার পর সৃষ্ট যুদ্ধাবস্থা পর্যালোচনা করাই এই সভার মূল লক্ষ্য।
আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি জানিয়েছেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক সম্পন্ন হবে। সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ২১ দিনের দীর্ঘ সংলাপ কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এর পরপরই ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ ও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
এর জবাবে ইরানও মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সরাসরি সহায়তা করছে রাশিয়া। এমন এক জটিল ও সংকটাপন্ন মুহূর্তে আরব লীগের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা।
Copyright © 2026 All rights reserved.