প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
উদ্ধারকৃত ইরানি নাবিকদের ফেরত না দিতে শ্রীলঙ্কাকে মার্কিন চাপ
ভারত মহাসাগরে মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে উদ্ধারকৃত নাবিকদের তেহরানে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কা সরকারকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ নথিতে এই নাবিকদের ‘বন্দি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরান যেন এই নাবিকদের ব্যবহার করে আমেরিকা-বিরোধী প্রচার চালাতে না পারে, সেজন্যই এমন কৌশল নিয়েছে ওয়াশিংটন।
সম্প্রতি ভারতের বিশাখাপত্তনমে মহড়া শেষে ফেরার পথে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায় ইরানের রণতরি ‘ডেনা’। এই ঘটনায় ৮৪ জন নিহত হন এবং আহতদের উদ্ধার করে শ্রীলঙ্কায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে কলম্বো উপকূলে আশ্রয় নেওয়া ইরানের অন্য একটি জাহাজ ‘বুশেহর’-এর ২০৪ জন আরোহীকেও শ্রীলঙ্কায় রাখা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কলম্বোর মার্কিন দূতাবাসের কর্মকর্তা জেন হাওয়েল শ্রীলঙ্কা সরকারকে স্পষ্ট জানিয়েছেন, উদ্ধার হওয়া ইরানিদের যেন কোনোভাবেই এখন ফেরত পাঠানো না হয়।
মার্কিন প্রশাসন এ বিষয়ে ভারত ও শ্রীলঙ্কায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের সঙ্গেও সমন্বয় করছে। ধারণা করা হচ্ছে, আমেরিকা এই নাবিকদের ইরান সরকারের সঙ্গ ত্যাগে উৎসাহিত করতে চাইছে। এদিকে ইরান সরকার মরদেহ ও আহতদের দ্রুত দেশে ফেরানোর অনুরোধ করলেও কলম্বো এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বা ইসরায়েলি দূতাবাস সরাসরি কোনো মন্তব্য না করলেও অভ্যন্তরীণ নথিতে বিষয়টি নিয়ে দর কষাকষির স্পষ্ট প্রমাণ মিলেছে।
Copyright © 2026 All rights reserved.