প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
ড্রোন হামলার পর সচল দুবাই বিমানবন্দর
ড্রোন হামলার জেরে সাময়িক বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।
শনিবার (৭ মার্চ) দুপুরে নিরাপত্তার স্বার্থে প্রায় এক ঘণ্টা সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার পর আংশিকভাবে ফ্লাইট চলাচল শুরু হয়। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং ভিড় এড়াতে এয়ারলাইন্স থেকে নিশ্চিত বার্তা না পাওয়া পর্যন্ত বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে অনাকাঙ্ক্ষিত ড্রোন হামলার ঘটনা ঘটলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি নিকটবর্তী আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমান ওঠানামা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রায় এক ঘণ্টা সব অপারেশন বন্ধ রাখার পর দুপুর ১টা থেকে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও শিডিউল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তাই শুধুমাত্র যাদের ফ্লাইট প্রস্তুত বলে নিশ্চিত করা হয়েছে, তাদেরই বিমানবন্দরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান যুদ্ধাবস্থায় এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের আকাশপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
Copyright © 2026 All rights reserved.