প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
কংগ্রেসকে এড়িয়ে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন
মার্কিন কংগ্রেসের পর্যালোচনা এড়াতে বিশেষ জরুরি ক্ষমতা প্রয়োগ করে ইসরায়েলের কাছে ১৫ কোটি ১৮ লাখ ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন।
শনিবার (৭ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্তের কথা জানায়। সময়ক্ষেপণ এড়াতে এসব যুদ্ধাস্ত্র সরাসরি ইসরায়েলে পাঠানো হবে। মূলত মধ্যপ্রাচ্যে নিজেদের অন্যতম মিত্রের নিরাপত্তা জোরদার এবং ইরানে হামলা আরও তীব্র করার লক্ষ্যেই ওয়াশিংটনের এই তড়িঘড়ি পদক্ষেপ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইসরায়েল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে অস্ত্র পৌঁছে দিতে বিশেষ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এই প্যাকেজে উন্নত প্রযুক্তির বিএলইউ-১১০এ/বি বোমা এবং বিভিন্ন লজিস্টিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের আঞ্চলিক পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করবে।
এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ভয়াবহ তথ্য দিয়েছেন। তিনি জানান, আজ শনিবার রাতেই ইরানের ওপর এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ কর্মসূচি পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও কারখানাগুলো ধ্বংস করে দেশটির সামরিক সক্ষমতা অকার্যকর করে দেওয়াই এই অভিযানের মূল উদ্দেশ্য। হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ ও বিশ্ব অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তেহরানের ওপর এই চরম আঘাত হানতে যাচ্ছে ওয়াশিংটন।
Copyright © 2026 All rights reserved.