প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
ইকরার মৃত্যু: অভিনেতা আলভীর বিস্ফোরক ফেসবুক পোস্ট
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর পর প্রথমবার মুখ খুলেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী।
শুক্রবার (৬ মার্চ) রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন, ইকরার মৃত্যুর আগে তার অনুপস্থিতিতে বাসায় অন্য পুরুষের যাতায়াত ছিল। আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত এই অভিনেতা সিসিটিভি ফুটেজ ও ময়নাতদন্তের প্রতিবেদন খতিয়ে দেখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
ফেসবুক পোস্টে আলভী দাবি করেন, তিনি নেপালে থাকাকালীন গত ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তার বাসায় ইকরার বন্ধু-বান্ধবীদের আড্ডা চলেছিল। বিশেষ করে ২৭ তারিখ রাতে এক ছেলে বন্ধুর উপস্থিতির কথা উল্লেখ করে তিনি সিসিটিভি ফুটেজ পরীক্ষার দাবি জানান। আলভীর অভিযোগ, ওই দিনগুলোতে বাসায় মাদক সেবন ও ঘুমের ওষুধ আনানো হয়েছিল। এছাড়া ইকরার অতীত দাম্পত্য জীবন ও পরকীয়া নিয়ে একাধিক সংবেদনশীল তথ্য শেয়ার করে তিনি দাবি করেন, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হতে পারে।
আলভী আরও উল্লেখ করেন, বাসার সিসিটিভির নিয়ন্ত্রণ কেবল ইকরার ফোনেই ছিল, যা এখন পুলিশের হেফাজতে। ময়নাতদন্তের রিপোর্টে মাদক বা অন্য কোনো আলামত আছে কি না, তা স্বচ্ছতার সাথে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইকরার পরিবার আলভী ও তার মায়ের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছে। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।
Copyright © 2026 All rights reserved.