প্রকাশের তারিখঃ Mar 10, 2026 ইং
নারায়ণগঞ্জে লুণ্ঠিত পুলিশি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরে পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই উদ্ধার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে বন্দরের ফায়ার সার্ভিস স্টেশনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত তিন মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। দ্রুততম সময়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।
পুলিশ জানায়, নগর ভবনের সামনে থেকে প্রকাশ্যে অস্ত্র লুটের ঘটনার পরপরই জেলা পুলিশের একাধিক টিম অভিযানে নামে। প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওভোগ পানির টাংকি এলাকার বিশাল (৩১), ফরহাদ আহাম্মেদ (২৩) ও হাসান (২১) নামে তিন ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশ্যে পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশের দ্রুত সাফল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ধৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সজীব হোসেন/রাজধানী
Copyright © 2026 All rights reserved.