প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত
ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি চলমান যুদ্ধে আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রেসিডেন্ট জানিয়েছেন, আহত হলেও মোজতবা খামেনি বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন। গত রোববারই তিনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হয়েছিলেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ চলাকালে এক হামলায় মোজতবা খামেনি আহত হন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, তিনি সর্বোচ্চ নেতার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং আল্লাহর রহমতে তিনি এখন আশঙ্কামুক্ত। তবে তার আঘাতের ধরন বা বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর গত রোববার ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ মোজতবা খামেনিকে পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত করে। ৫৬ বছর বয়সী মোজতবা এর আগে কোনো সরকারি পদে না থাকলেও দেশটির অভ্যন্তরীণ রাজনীতি ও ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) ওপর তার ব্যাপক প্রভাব রয়েছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.