প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: হাইওয়ে ডিআইজি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-উত্তর) মো. রফিকুল হাসান গণি।
বুধবার (১১ মার্চ) সকালে গাজীপুরের চন্দ্রায় এক মতবিনিময় সভায় তিনি জানান, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে বেশি টাকা নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর হাইওয়ে পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল হাসান গণি বলেন, ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি এবং দক্ষ চালক ছাড়া কোনো যানবাহন মহাসড়কে চলতে দেওয়া হবে না। তিনি আরও উল্লেখ করেন, ঈদের সময় কয়েক দিনে বিশাল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ে, তাই সীমিত রাস্তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। মহাসড়ক ও ফুটপাতে অবৈধ দোকানপাট বসানো এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার, সওজ কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। সভায় নিরাপদ ও যানজটমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানানো হয়।
Copyright © 2026 All rights reserved.