প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
ইরান যুদ্ধে অস্থির বিশ্ববাজার: তেলের দামে নজিরবিহীন ওঠানামা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে শুরু হওয়া যুদ্ধে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধের প্রভাবে গত কয়েকদিনে অপরিশোধিত তেলের দামে নজিরবিহীন উত্থান-পতন লক্ষ্য করা গেছে। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ 'হরমুজ প্রণালি' কার্যত অচল হয়ে পড়ায় সরবরাহ সংকটে পড়েছে বিশ্ব। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের ইতিহাসের বৃহত্তম জরুরি তেল মজুত ছাড়ার পরিকল্পনা করছে।
মঙ্গলবার (১১ মার্চ) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১৭ শতাংশ কমে ৮০ ডলারের নিচে নামলেও, মার্কিন জ্বালানিমন্ত্রীর এক বিভ্রান্তিকর পোস্টে তা দ্রুত ৯০ ডলারে উঠে যায়। পরে বুধবার আইইএ-র তেল ছাড়ার খবরে দাম আবার ৮৫ ডলারের নিচে নামে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর তেলের দাম একপর্যায়ে ব্যারেল প্রতি ১২০ ডলারে পৌঁছেছিল, যা বর্তমানে যুদ্ধের আগের তুলনায় ১৭ শতাংশ বেশিতে স্থিতিশীল রয়েছে।
বিশ্বের এক-পঞ্চমাংশ তেল সরবরাহকারী পথ হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব, কুয়েত ও ইরাক উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালিটি সচল করতে নৌবাহিনী মোতায়েনের হুমকি দিয়েছেন। তবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে। তেলের এই আকাশচুম্বী দামের ফলে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
Copyright © 2026 All rights reserved.