প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের ওপর
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে বিএনপির সংসদীয় কমিটি।
বুধবার (১১ মার্চ) সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সংসদ উপনেতা কে হচ্ছেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের গুরুদায়িত্ব সংসদ নেতার ওপর অর্পণ করা হয়েছে; যার ঘোষণা আগামীকাল সংসদ অধিবেশনে পাওয়া যাবে। একইসঙ্গে সংসদ উপনেতা নির্বাচনের বিষয়টিও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
ডেপুটি স্পিকার পদের বিষয়ে জামায়াতে ইসলামীকে প্রস্তাব দেওয়ার প্রসঙ্গে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী উদারতা দেখিয়ে শরিক দলটিকে এই পদের প্রস্তাব দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। জামায়াতের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন সংসদের প্রথম অধিবেশন ঘিরেই এখন সব মহলের দৃষ্টি।
Copyright © 2026 All rights reserved.