প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
নাহিদের তোপে ১১৪ রানেই গুঁড়িয়ে গেল পাকিস্তান
গতির রাজা নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে গেছে পাকিস্তান। মাত্র ৭ ওভার বল করে ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন ২৩ বছর বয়সী এই পেসার। এটি তার ক্যারিয়ারের প্রথম ‘ফাইফার’। নাহিদের গতির ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পাকিস্তানের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দশম ওভারে আক্রমণে এসে নিজের প্রথম ৫ ওভারেই ৫ উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়েন নাহিদ রানা। ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে প্রতিপক্ষের প্রথম পাঁচ ব্যাটারকে একাই সাজঘরে ফেরানোর কৃতিত্ব দেখালেন তিনি। তার শিকার হয়েছেন মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা ও সাহিবজাদা ফারহানের মতো অভিজ্ঞ তারকারা।
নাহিদের গতির পাশাপাশি অধিনায়ক মিরাজও নিয়েছেন ৩ উইকেট। মিরপুরের মাঠে প্রায় ১১ বছর পর কোনো বাংলাদেশি পেসার হিসেবে ৫ উইকেটের দেখা পেলেন নাহিদ; যার সর্বশেষ কীর্তি ছিল ২০১৫ সালে মোস্তাফিজুর রহমানের। এর আগে ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মোস্তাফিজ ৫ উইকেট নিলেও দেশের মাটিতে নাহিদই দ্বিতীয় বোলার হিসেবে এই সাফল্য অর্জন করলেন। জয়ের জন্য ১১৫ রানের সহজ লক্ষ্য নিয়ে এখন ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
Copyright © 2026 All rights reserved.