প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
থার্ড টার্মিনাল চালু হতে আরও ৬ থেকে ৯ মাস: বিমান প্রতিমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) পুরোপুরি চালু করতে আরও ৬ থেকে ৯ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। এছাড়া পর্যটন ও এভিয়েশন খাতে চীনের বড় বিনিয়োগ ও ফ্লাইট বৃদ্ধির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে থার্ড টার্মিনাল চালুর নির্দেশনা দিলেও কারিগরি ও আনুষঙ্গিক প্রস্তুতির জন্য অন্তত ৯ মাস সময় প্রয়োজন। বৈঠকে পর্যটন খাতে চীনের বিনিয়োগের আগ্রহের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তরের জন্য চীনের বিনিয়োগকারীরা একটি সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করতে চায়।
এভিয়েশন খাতে যাতায়াত সুবিধা বাড়াতে চীন বর্তমান ১২টি ফ্লাইটের পাশাপাশি আরও ৩টি অতিরিক্ত ফ্লাইট (দুটি গুয়াংজু ও একটি বেইজিং রুটে) পরিচালনার অনুমতি চেয়েছে। প্রতিমন্ত্রী তাদের লিখিত আবেদন করতে বলেছেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা চুক্তিগুলোর অগ্রগতি ও পিপিপি মডেলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়েও পুনরায় আলোচনা শুরু হয়েছে।
Copyright © 2026 All rights reserved.