প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
লক্কড়ঝক্কড় বাস নামলেই ধরবে ম্যাজিস্ট্রেট: ডিএমপি কমিশনার
সড়কে যানজট নিরসনে ফিটনেসবিহীন ‘লক্কড়ঝক্কড়’ বাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
বুধবার (১১ মার্চ) মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি জানান, এসব বাস রাস্তা থেকে সরাতে বিআরটিএ এবং ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া ঈদযাত্রা সহজ করতে আগামী ১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ফিটনেসবিহীন বাস মহাসড়কে নষ্ট হয়ে ভয়াবহ যানজটের সৃষ্টি করে। তাই এবার লক্কড়ঝক্কড় বাস মেরামতের গ্যারেজগুলোতেও বিশেষ নজরদারি চালানো হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি, র্যাব, ডগ স্কোয়াড এবং বিশেষ প্রয়োজনে সোয়াত (SWAT) টিমও প্রস্তুত থাকবে। এমনকি ট্রাফিক নিয়ন্ত্রণে অশ্বারোহী পুলিশও দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, এবার ১৮ মার্চ ছুটি ঘোষণা করায় প্রতিদিন গড়ে ২০ লাখ মানুষ ঢাকা ছাড়তে পারবে, যা যানজটের চাপ কমাবে। পোশাক শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য মালিকদের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বাস টার্মিনালগুলোতে ভাড়ার তালিকা টাঙানো ও হেল্পডেস্ক স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আব্দুল্লাহপুর, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় মূল সড়কে দাঁড়িয়ে যাত্রী তুললে বা একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালালে চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 All rights reserved.