প্রকাশের তারিখঃ Mar 12, 2026 ইং
নিরপেক্ষ থাকতে দলীয় পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ
সংসদীয় কার্যক্রম পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) জোহরের নামাজের বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন। স্পিকার বলেন, "সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র।"
বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। শুরুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করান। এরপর সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
বেলা দেড়টার দিকে পুনরায় অধিবেশন শুরু হলে স্পিকার মেজর হাফিজ জানান, সংসদীয় পদের মর্যাদা ও নিরপেক্ষতা রক্ষার্থেই তিনি দলীয় পদ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দল জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দেশের মানুষ সংসদের কার্যক্রম নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে উল্লেখ করে তিনি একটি প্রাণবন্ত সংসদ উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
Copyright © 2026 All rights reserved.