প্রকাশের তারিখঃ Mar 12, 2026 ইং
দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত দেড় দশকের শাসনব্যবস্থাকে 'ফ্যাসিবাদী' হিসেবে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক এবং এর মাধ্যমেই তাঁবেদারমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি তার ভাষণে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য ১২ হাজার ৪৩টি স্বাস্থ্যকার্ড দেওয়া হয়েছে এবং গুরুতর ১৩৭ জনকে বিদেশে পাঠানো হয়েছে। এছাড়া শহীদদের স্মরণে ঢাকায় স্মৃতি জাদুঘর ও জেলা পর্যায়ে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকার কথা স্মরণ করেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে রাষ্ট্রপতি জানান, বর্তমানে অর্থনীতি স্থিতিশীল হচ্ছে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ব্যাংক খাতে সুশাসন ফেরাতে ‘অর্থনৈতিক সংস্কার কমিশন’ এবং পুঁজিবাজারের অতীত অনিয়ম তদন্তে পৃথক কমিশন গঠনের ঘোষণাও দেন তিনি। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদ গণতন্ত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Copyright © 2026 All rights reserved.