প্রকাশের তারিখঃ Mar 12, 2026 ইং
ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা: দায় এড়ানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র
ইরানের মিনাব শহরে একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক নিহতের ঘটনায় তোলপাড় চলছে আন্তর্জাতিক মহলে।
গত ২৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া এই হামলার জন্য ইরান সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করলেও দেশ দুটি তা অস্বীকার করে আসছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকদের মতে, লক্ষ্য নির্ধারণে ভুলের কারণে মার্কিন ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র এই প্রাণহানির কারণ হতে পারে।
দক্ষিণ ইরানের মিনাব শহরে অবস্থিত ‘শাজারেহ তায়্যেবেহ’ স্কুলে যখন ক্লাস চলছিল, তখনই একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ধসে পড়ে দুই তলা ভবনটি, যার নিচে চাপা পড়ে প্রাণ হারায় অসংখ্য শিশু। তেহরান একে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে জাতিসংঘে নালিশ জানিয়েছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দায় অস্বীকার করে এই হামলার পেছনে ইরানেরই হাত থাকতে পারে বলে পাল্টা দাবি করেছেন।
তবে স্যাটেলাইট ছবি এবং মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক তদন্তের বরাতে ‘নিউ ইয়র্ক টাইমস’ জানিয়েছে, যান্ত্রিক বা গোয়েন্দা তথ্যের ভুলে যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত করেছে। মূলত স্কুলটি একটি সামরিক ঘাঁটির কাছে হওয়ায় এবং কয়েক বছর আগে ভবনটি সামরিক কাজে ব্যবহৃত হওয়ায় পুরোনো টার্গেট লিস্ট থেকে এই ভুল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এবং মার্কিন সিনেটররা এই নৃশংসতার দ্রুত ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন।
Copyright © 2026 All rights reserved.