প্রকাশের তারিখঃ Mar 13, 2026 ইং
নীলফামারীতে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট ও বিদেশী মুদ্রাসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল বিদেশী মুদ্রা এবং পাসপোর্টসহ মমিজুল ইসলাম (৩০) নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার নিতাই ইউনিয়নের একটি গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে মালেশিয়ান রিঙ্গিত, সৌদি রিয়াল ও থাইল্যান্ডের বাথ রয়েছে।
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানাধীন বাড়ি মধুপুর ফুলবাড়ী আবাসন গুচ্ছগ্রামে মমিজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শয়নকক্ষের তোষকের নিচ থেকে ৫৮০টি মালেশিয়ান রিঙ্গিত, ২৮০টি সৌদি রিয়াল এবং ৪৮০টি থাইল্যান্ডের বাথের জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে ৬টি পাসপোর্ট ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মমিজুল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এসব জাল নোট তৈরি এবং সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধিতে মামলা (নং-১৮) করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
রাশেদুল ইসলাম/রাজধানী
Copyright © 2026 All rights reserved.