প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, ভ্রমণের খরচ বহনের পর্যাপ্ত সক্ষমতা না থাকলে কিংবা যুক্তরাষ্ট্রের সরকারি জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকিও রয়েছে।
মার্কিন দূতাবাস স্পষ্ট করেছে যে, কোনো বিদেশি পর্যটক বা দর্শনার্থী যদি দেশটির করদাতাদের অর্থে পরিচালিত নাগরিক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ম পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী, সাংবাদিকতা ও ট্রানজিট—সব ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের জন্য সমানভাবে কার্যকর হবে।
বার্তায় আরও বলা হয়, সরকারি সুবিধার অপব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে স্থায়ী অযোগ্যতার কারণ হতে পারে। তাই ভ্রমণের আগে পর্যটকদের নিজস্ব আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত অভিবাসন আইন ও জনকল্যাণমূলক তহবিলের সুরক্ষা নিশ্চিতেই যুক্তরাষ্ট্র এই কঠোর অবস্থান নিয়েছে।
Copyright © 2026 All rights reserved.