প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
ইরানের পাশে চীন: ২ লাখ ডলার সহায়তার ঘোষণা
মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় ২ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে বেইজিং।
শুক্রবার (১৩ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সহায়তার কথা জানিয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ ও সংলাপের আহ্বান জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানান, এই অর্থ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে নিহতদের পরিবার ও আহতদের সহায়তায় ব্যয় করা হবে। স্কুলে হামলা ও শিশুদের প্রাণহানিকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে চীন। মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি, তাই সকল পক্ষকে সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে সংঘাত বন্ধ করতে হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬৫ জন শিক্ষার্থী প্রাণ হারায়। ইরান এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে। সূত্র মতে, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান এই সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত ইরানে প্রায় ১৪০০ মানুষের মৃত্যু হয়েছে। বেইজিং জানিয়েছে, এই কঠিন সময়ে তারা মানবিক কারণে ইরানের সাধারণ মানুষের পাশে থাকবে।
Copyright © 2026 All rights reserved.