প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
আজ রাত থেকে গণপরিবহনে তেলের রেশনিং থাকছে না: সেতুমন্ত্রী
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গণপরিবহনের জন্য তেলের রেশনিং বা সরবরাহের সীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর গুলিস্তানে এক অনুষ্ঠানে তিনি জানান, আজ রাত থেকেই দূরপাল্লার বাস ও গণপরিবহনগুলো চাহিদামতো পর্যাপ্ত তেল পাবে। তবে ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে আগের বিধিনিষেধ বহাল থাকছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় গত ৬ মার্চ থেকে তেল সরবরাহে সীমা বেঁধে দিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ওই নির্দেশনা অনুযায়ী, বাস ও ট্রাকের জন্য দৈনিক ২০০ থেকে ২২০ লিটার ডিজেলের সীমা নির্ধারিত ছিল। এতে পরিবহন খাতে বড় ধরনের জটিলতা তৈরি হয়।
আজকের সভায় সেতুমন্ত্রী আশ্বস্ত করেন যে, পরিবহনের সংকট দূর করতে আজ রাত থেকেই রেশনিং ব্যবস্থা শিথিল করা হচ্ছে। তবে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির (কার, এসইউভি) ক্ষেত্রে নির্ধারিত ২ থেকে ১০ লিটারের সীমা আপাতত অপরিবর্তিত থাকছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামীকাল থেকে সড়ক ও মহাসড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.