প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
৫ সিটি কর্পোরেশনে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ
দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে এই নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা এখন থেকে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' অনুযায়ী জনস্বার্থে এই নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী নতুন প্রশাসকরা হলেন— বরিশালে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহীতে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুরে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লায় মো. ইউসুফ মোল্লা।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এই পদে বহাল থাকবেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.