প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
ঈদযাত্রায় অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থার নির্দেশ সেতুমন্ত্রীর
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াতে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেই এই ঈদযাত্রার সার্বক্ষণিক তদারকি করছেন। এবার দেড় কোটি মানুষের ঢাকা ছাড়ার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সেতুমন্ত্রী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার টার্মিনালগুলোতে ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কঠোর মনিটরিং চলছে। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় বা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। যানজটপ্রবণ এলাকায় যাত্রীদের জন্য ইফতারসামগ্রীর ব্যবস্থা রাখা হয়েছে এবং মহাসড়কের নির্মাণাধীন এলাকার প্রতিবন্ধকতাগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, ঈদের আগে ও পরে মোট ১২ দিন পেট্রোল পাম্পগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। জরুরি চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে। সংবাদমাধ্যমে কোনো অনিয়মের খবর পাওয়া মাত্রই প্রশাসন তাৎক্ষণিক অ্যাকশনে যাবে বলে তিনি আশ্বস্ত করেন। পরিবহন মালিক সমিতির সঙ্গে সমন্বয় করে এবারের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
Copyright © 2026 All rights reserved.