প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
ইতালির মনফালকনে মসজিদ বন্ধের প্রতিবাদে গির্জায় জুম্মার নামাজ আদায়
নিজস্ব প্রতিনিধি: ইতালির উত্তরাঞ্চলীয় শহর মনফালকনে স্থানীয় প্রশাসনের নির্দেশে সব মসজিদ বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশি প্রবাসীদের জন্য জুম্মার নামাজের ব্যবস্থা করে দিয়েছে স্থানীয় একটি গির্জা কর্তৃপক্ষ। মানবতার অনন্য নজির স্থাপনকারী এই উদ্যোগে কয়েকশ প্রবাসী গির্জার ভেতরে নামাজ আদায় করেন। তবে মসজিদ বন্ধ এবং ক্রিকেট খেলার ওপর নিষেধাজ্ঞার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।
মনফালকন শহরে প্রায় ৯ হাজার বাংলাদেশির বসবাস, যারা স্থানীয় জাহাজ নির্মাণ শিল্পের মূল চালিকাশক্তি। গত দুই বছর ধরে আইনি অজুহাতে শহরের মসজিদগুলো বন্ধ করে দিচ্ছেন ডানপন্থী মেয়র আন্না মারিয়া। সম্প্রতি প্রবাসীদের তৈরি সর্বশেষ মসজিদটিও বন্ধ করে দেওয়া হলে রমজান মাসে ধর্মীয় ইবাদত নিয়ে সংকটে পড়েন বাংলাদেশিরা। এই পরিস্থিতিতে স্থানীয় প্রধান যাজক ডন ফ্লাভিও জানেত্তি গির্জার দরজা মুসলমানদের জন্য খুলে দেন, যা দুই ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এদিকে কেবল ধর্মীয় উপাসনালয় নয়, ২০২৩ সাল থেকে জনসম্মুখে ক্রিকেট খেলাও নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। ফলে ‘মনফালকন টাইগার্স’ ক্রিকেট টিমের সদস্যদের অনুশীলনের জন্য শহরের বাইরে যেতে হচ্ছে। স্থানীয় সিটি কাউন্সিলর সানি ভূঁইয়াসহ অনেক প্রবাসী মনে করছেন, ডানপন্থী সরকার ক্ষমতায় আসার পর থেকে বর্ণবৈষম্য প্রকট হচ্ছে। মসজিদ বন্ধ ও খেলাধুলার ওপর এমন নিষেধাজ্ঞাকে অনেকেই মৌলিক অধিকারের ওপর আঘাত হিসেবে দেখছেন।
শরিফুল ইসলাম টগর/রাজধানী
Copyright © 2026 All rights reserved.