প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
পুলিশকে কোনো গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে এবং পুলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পোশাক পরিবর্তনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
সারদায় ৭২ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে আয়োজিত এই কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী প্রাতিষ্ঠানিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের নীতি হলো আইনের চোখে সবাই সমান—তিনি রাজনৈতিক কর্মী হোন বা কৃষক। পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু, কোনো বিশেষ দলের হাতিয়ার নয়।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নন, তাই তাদের ঐতিহ্যবাহী কোনো একটি পোশাকে ফিরিয়ে নেওয়ার কাজ চলছে। অনুষ্ঠানে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এবং আইজিপি আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই ব্যাচের ৮০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে চারজনকে গত ২৫ মার্চ চাকরি থেকে অপসারণ করা হয়, যার ফলে অবশিষ্ট ৭৬ জনের মধ্যে ৭২ জন আজকের সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। প্রশিক্ষণ শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।
Copyright © 2026 All rights reserved.